

জাহিদুল হক বাবু, ঝিনাইদহ-
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের বাজার করা ও হিসাব-নিকাশ নিয়ে কথা-কাটাকাটির জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন (১৬) নামে এক কিশোরকে ছুরিসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহিলা কলেজপাড়ার একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। আটক লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও মেস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাউসার ও লিখন একই মেসে থেকে পড়াশোনা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেসের বাজার করা ও হিসাব-নিকাশ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাউসার লিখনকে থাপ্পড় মারেন বলে জানা গেছে।
এরপর উত্তেজিত হয়ে লিখন ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিতে লিখনও আহত হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউসারকে মৃত ঘোষণা করেন। আহত লিখনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লিখনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :