ঢাকায় জাসদের মানববন্ধন-বিক্ষোভ, গণপতি হত্যা তদন্তের দাবি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-২৭, ৩:৫৭ PM /
ঢাকায় জাসদের মানববন্ধন-বিক্ষোভ, গণপতি হত্যা তদন্তের দাবি

রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে সুপরিকল্পিতভাবে হত্যার ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত এবং বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিওর সামনে জাসদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন ও তোপখানা রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জাসদ চত্বরে এসে শেষ হয়।

পরে জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের নেতা ও জাসদ সদস্য রতন কুমার দাস, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণপতি চক্রবর্তীর পরিবার হত্যাকাণ্ডের পর পুলিশি তদন্তে রাখঢাক, অসচ্ছতা ও আলামত নষ্টের অভিযোগ জনমনে গভীর সন্দেহ তৈরি করেছে। তারা বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়; বরং ঘটনাটি আড়াল করার অপচেষ্টা চলছে বলে আশঙ্কা রয়েছে।

বক্তারা হত্যাকাণ্ডের তদন্তে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় সারাদেশে হত্যা, ধর্ষণ, বলৎকার, নির্যাতন ও মবের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এসব ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হওয়ায় জনজীবনে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনা এবং প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর গ্রেপ্তারের দুই বছর পূর্ণ হওয়ার বিষয়টিও তুলে ধরেন নেতারা। তারা দাবি করেন, ইনুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং সাজানো মামলায় তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।