

মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদ আত্মত্যাগের মাধ্যমে ন্যায়ভিত্তিক নৈতিক উচ্চতার এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে নানা ধরনের চিন্তা করা হয়। তবে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন উন্নত মানুষ তৈরি করা। উন্নত মানুষ তৈরি হলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন শেষে এসব কথা বলেন ড. হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সদস্য মাহবুবা হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ হাসেমী, শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্যোক্তা রুহুল আমিন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে বই ও জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি এলাকার শিক্ষার্থী ও তরুণদের জ্ঞানচর্চার পাশাপাশি সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান হিসেবে নয়; বরং জ্ঞান, মুক্তচিন্তা ও আলোকিত সমাজ গড়ার একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।
আপনার মতামত লিখুন :