ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-৩০, ৪:৫৩ PM / ০ Views
ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. মাহমুদা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক যুবক পালিয়ে যায়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর (শৌলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার এসআই মো. আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল রানিগঞ্জ বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে খবর আসে, দামোদরপুর গ্রামের একটি মুদির দোকানের সামনে সড়কে মাদক বিক্রির উদ্দেশ্যে এক নারী ও এক পুরুষ অবস্থান করছেন।

খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। পরে নারী কনস্টেবল স্মৃতির সহায়তায় মাহমুদা বেগমকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা যুবকটি পালিয়ে যায়।

আটক মাহমুদা বেগম ওই গ্রামের মহসিন আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেহ তল্লাশি করে পায়জামার ভেতরে রাবার দিয়ে বাঁধা অবস্থায় ১১ পাতায় মোট ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে মেপে উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ৪৪ গ্রাম পাওয়া যায়। পুলিশের দাবি, উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।

দুপুর দেড়টার দিকে স্থানীয় সাক্ষী ইদুর রহমান ও হোসেন আলীর উপস্থিতিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাহমুদা বেগম জানায়, পালিয়ে যাওয়া যুবকের নাম মো. মনিরুল ইসলাম (২৫)। তিনি একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তাদের দুজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘোড়াঘাট থানার এসআই আহনাফ তাহমিদ জানান, এ ঘটনায় আটক মাহমুদা বেগম ও পলাতক মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।