সরকারি ঘরের আশ্বাসে ঋণ, টাকা নেওয়ার পর প্রতারণার অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-৩০, ৪:৩৭ PM /
সরকারি ঘরের আশ্বাসে ঋণ, টাকা নেওয়ার পর প্রতারণার অভিযোগ

মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে সরকারি ঘর ও গবাদিপশু দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা লিটন মার্ক লাকড়ার বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক চারটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগে টাকা ফেরতসহ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের লিটন মার্ক লাকড়া সরকারি ঘর ও গরু দেওয়ার কথা বলে কয়েকজন অসহায় ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা প্রতিশ্রুত সরকারি সুবিধা পাননি বলে অভিযোগ করেন।

পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগকারী মিস্ত্রি হেমরম বলেন, “সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। টাকা আমি এনজিও থেকে লোন নিয়ে তাকে দিয়েছি। অনেক দিন কেটে গেলেও ঘর পাইনি, টাকাও ফেরত পাইনি। এখন টাকা চাইলে শুধু আজ-কাল বলে ঘুরানো হচ্ছে। প্রশাসনের কাছে টাকা ফেরত ও বিচার চাই।”

অপর অভিযোগকারী দীপালী রানী পাহান বলেন, “আমি সিসিটিভি এনজিও থেকে ১০ হাজার টাকা লোন করে টাকা দিয়েছি। সরকারি সুবিধা দেওয়ার কথা বললেও কোনো সুবিধা পাইনি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হচ্ছে।”

বনিতা পাহান অভিযোগ করে বলেন, “গরু দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। আমার কাছে টাকা না থাকায় সিসিটিভি এনজিও থেকে লোন করে টাকা দিয়েছি। কিন্তু গরুও পাইনি, টাকাও ফেরত দেয়নি। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

আরেক অভিযোগকারী রুপনী পাহান বলেন, “আমার কাছ থেকেও ১৩ হাজার টাকা নেওয়া হয়েছে। অনেকবার টাকা ফেরত চাইলেও কোনো ফল হয়নি। আমি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

চারটি অভিযোগপত্রেই ভুক্তভোগীরা উল্লেখ করেছেন, অভিযুক্তের কথায় বিশ্বাস করে তারা টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সহায়তা না পাওয়ায় তারা প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন।

অভিযোগগুলো গত ২৮ জুলাই পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত লিটন মার্ক লাকড়া টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “আমি তাদের টাকা দ্রুতই ফেরত দেওয়ার চেষ্টা করছি।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের মর্ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এছাড়াও লিটন মার্ক লাকড়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।