

মোসফিকা আক্তার,নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রুবেল ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে।
পরে ডিবি পুলিশের দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার শয়নকক্ষে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে গাঁজার পরিমাণ ৪২ কেজি ৫০০ গ্রাম।
এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজনের সঙ্গে যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। জেলা পুলিশ জানিয়েছে, প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার সঙ্গে জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :