পীরগঞ্জে দুই শিক্ষকের হাতাহাতি, পরস্পরবিরোধী অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-০১, ৬:৩৬ PM /
পীরগঞ্জে দুই শিক্ষকের হাতাহাতি, পরস্পরবিরোধী অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক ও পরস্পরবিরোধী অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি।

এ সময় প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালিব সহকারী শিক্ষক মোশাররফ হোসেনসহ অন্যান্য শিক্ষকের বিলম্বে উপস্থিত হওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

ঘটনার সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রধান শিক্ষকের দাবি প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালিবের দাবি, সহকারী শিক্ষক মোশাররফ হোসেনসহ কয়েকজন শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তিনি তাদের বিলম্বের কারণ জানতে চান।

তার ভাষ্য, এ সময় সহকারী শিক্ষক মোশাররফ হোসেন উচ্চস্বরে কথা বললে তাকে নিম্নস্বরে কথা বলতে বলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

সহকারী শিক্ষকের অভিযোগ অন্যদিকে সহকারী শিক্ষক মোশাররফ হোসেন অভিযোগ করেন, অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর প্রধান শিক্ষক তার ও অন্যান্য শিক্ষকের দেরিতে আসার কারণ জানতে চান।

অন্যান্য শিক্ষক কেন দেরি করেছেন, তা তিনি জানেন না এবং এর ব্যাখ্যাও দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাকে বারবার প্রশ্ন করা হলে তিনি কিছুটা উচ্চস্বরে কথা বলেন।

মোশাররফ হোসেনের অভিযোগ, এরপর প্রধান শিক্ষক কোনো কারণ ছাড়াই তাকে থাপ্পড় মারেন। পরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঘটনাটি নিয়ে প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালিব ও সহকারী শিক্ষক মোশাররফ হোসেন উভয়েই পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ করেছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান মানিক বলেন, “ওই ঘটনায় দুই পক্ষের কাছ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”