তানোরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১২, ২:২১ PM / ০
তানোরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ

বরেন্দ্র অঞ্চল প্রতিবেদক:

রাজশাহীর তানোরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, উপজেলা বন কর্মকর্তা একেএম সারওয়ার জাহান এবং সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মন।

এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান ও তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।