

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়ে মানব কল্যাণ পরিষদের হোপ প্রকল্পের সিএসওর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সিএসও সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের হোপ প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটন, সাংবাদিক মাহাবুব আলম, সিএসওর ভারপ্রাপ্ত সম্পাদক দিলরুবা খানম, সদস্য মনিরা বেগম ও অভিষেক রায়।
এ ছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজাহারুল ইসলাম ও শাহিনুর ইসলামসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বাল্যবিবাহের কুফল, যৌন হয়রানির ঝুঁকি এবং এসব প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে একই দিনে রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়।
আপনার মতামত লিখুন :