

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আকতার। সভায় আসন্ন উৎসবকে উৎসবমুখর ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাশ, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম এবং পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার সভাপতি সোহেল রানা। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন— পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শ্রী অনুপ কুমার রায় (লিটন) এবং পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহা। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন । প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর পাটগ্রাম উপজেলায় মোট ৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পাটগ্রাম পৌরসভায় ৪টি এবং উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বাউরায় ৮টি, জোংড়ায় ৬টি, জগতবেড়ে ৬টি, শ্রীরামপুরে ২টি, পাটগ্রামে ২টি, দহগ্রামে ১টি ও বুড়িমারী ইউনিয়নে ১টি মণ্ডপে পূজা উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :