ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও মহড়া


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৩, ৪:৩২ PM / ০
ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও মহড়া

ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি পালিত হয়।

এ বছরের কর্মসূচিতে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রাখা হয়।

মহড়ায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগের সময় জীবন রক্ষায় করণীয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বাস্তবভিত্তিক প্রদর্শনের মাধ্যমে তুলে ধরে। এ সময় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা পর্ব ও মহড়া শেষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ সচেতনতা, আগাম প্রস্তুতি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।