কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-২১, ৭:৩১ PM / ০
কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

তৌফিক জামান – লালমনিরহাট প্রতিনিধী
‎
‎লালমনিরহাটের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে তুষভান্ডার রমনী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়।
‎
‎উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ ও রংপুর জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তরুণ সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে পারলে অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসবে। ক্রীড়া ও সংস্কৃতির সঠিক বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
‎
‎তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পর্যায়ক্রমে সংগীত চর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত একটি করে সংগীত ক্লাস চালুর ব্যবস্থা করা হবে।
‎
‎টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
‎
‎এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
‎
‎যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।