

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার পেড়িখালী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন কুমার সাহা। বাংলা বিভাগের শিক্ষক অমিত কুমার সরদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মোতাহার আলী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আবু হায়াত শেখ, শিক্ষক প্রতিনিধি শেখ নুরুল ইসলাম এবং বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন সরদার।
এ সময় ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, অ্যাডহক কমিটির সদস্য, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তরফদার এনামুল হক প্রিন্স বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। রামপাল-মোংলার উন্নয়নে মন্ত্রী মহোদয়ের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে তাঁর অনুসারী হিসেবে নিজেদেরও দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের যেসব উন্নয়নমূলক কাজ প্রয়োজন, সেগুলোর তালিকা তৈরি করতে হবে। সেসব কাজ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি নিজের দায়িত্ব পালনে কোনো অন্যায় করবেন না এবং বিদ্যালয়েও কাউকে অন্যায় করতে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :