রাণীশংকৈলে ৮২০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১৩, ৯:৪১ AM / ০
রাণীশংকৈলে ৮২০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

মোঃ মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৮ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

তিনি বলেন, বিদেশ থেকে ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং দেশে সরিষার উৎপাদন বাড়াতে সরকারের এ উদ্যোগ সফল করতে হবে। যেসব কৃষক প্রণোদনা পাবেন, তাঁদের অবশ্যই বরাদ্দকৃত বীজ ও সার দিয়ে সরিষার আবাদ করতে হবে। এসব উপকরণ কোনোভাবেই বিক্রি করা যাবে না। কৃষকদের তালিকা সংরক্ষণ করা হবে এবং মাঠপর্যায়ে আবাদ কার্যক্রম পরিদর্শন করা হবে। কেউ প্রণোদনার উপকরণ ব্যবহার না করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাণীশংকৈল উপজেলার মোট ৮ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়েছে।