নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, প্রশাসনের তৎপরতা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১১, ১:২৯ PM / ০
নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল, প্রশাসনের তৎপরতা

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশব্যাপী ধর্মঘট ও লকডাউন কর্মসূচি পালনের আহ্বানকে কেন্দ্র করে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কোথাও এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মিছিলের নির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা এম এম রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে নেতাকর্মীরা মশাল হাতে মিছিলে অংশ নেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।