বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১০, ১১:৫৬ AM / ০
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন

রবিউল ইসলাম, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মারধর ও ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পারভেজ আহম্মেদ নামে এক ছাত্রদল নেতা। তিনি গড়গড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকসহ চারজনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন পারভেজ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে পারভেজ জানান, গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকসহ কয়েকজনের সঙ্গে তিনি চারঘাটে যান। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক নিজেকে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। এ সময় ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার বিষয় নিয়ে কথা হলে প্রধান শিক্ষক এমদাদুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

পারভেজের অভিযোগ, পরদিন ৪ নভেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে পাট কেনার উদ্দেশ্যে জোতরাঘব বাজারে যাচ্ছিলেন। পথে খায়েরহাট বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁকে অনুসরণ করেন। পরে ছবির বাড়ির মোড় এলাকায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, নাজিম মন্ডল, লতিফ মন্ডল ও পলাশ মন্ডল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে দাবি করেন পারভেজ। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয়। একই সঙ্গে পাট কেনার জন্য সঙ্গে রাখা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পারভেজ আহম্মেদ দাবি করেন, আগের দিনের কথাকাটাকাটির জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি বাঘা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছেন। তবে মামলার পরও অভিযুক্তদের আটক করা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পারভেজ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা, ছিনিয়ে নেওয়া টাকার অভিযোগের যথাযথ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, কারও প্রতি ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা তাঁর উদ্দেশ্য নয়। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সরকার, গড়গড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন প্রমুখ।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় বারবার চেষ্টা করেও তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাঘা থানায় দায়ের করা মামলার নম্বর ০২/২৬, তারিখ ৪ নভেম্বর ২০২৬। সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত এ মামলায় কোনো আসামি আটক হয়নি বলে জানা গেছে।