নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-০৭, ১:৪৭ PM / ০
নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খালিদ হোসেন,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটপরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় ঐক্য ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল এ দিনে।

তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় ও গুরুত্বপূর্ণ সময়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।