

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পায়।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের দক্ষতা ও মেধা যাচাইয়ের সুযোগ তৈরি করে। নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।
অন্যদিকে, অভিভাবকরা বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশেও প্রতিযোগিতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :