

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি বাজারে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সার ডিলারশিপ প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স। নির্ধারিত চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন প্রস্তুত রেখেছে প্রতিষ্ঠানটি। এতে ইউনিয়নের কয়েক হাজার কৃষকের দীর্ঘদিনের সার সংগ্রহের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন প্রয়োজনীয় সার সংগ্রহ করতে তাদের ৫ থেকে ৬ কিলোমিটার দূরের কেন্দ্রে যেতে হতো। তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় সার না পেয়ে খালি হাতে ফিরতে হতো। এতে কৃষিকাজের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়তি যাতায়াত খরচ ও দুর্ভোগ পোহাতে হতো।
বিরাশি বাজারে সার ডিলারশিপ চালু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। এখন নিজ ইউনিয়নের কেন্দ্রীয় বাজার থেকেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন তারা।
কৃষক মারুফ হোসেন ও খয়ের আলী জানান, নতুন ডিলারশিপ চালু হওয়ায় তারা আনন্দিত। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষিকাজের জন্য মূল্যবান সময় বাঁচবে।
লেহেম্বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষক আখতারুল ইসলাম বলেন, “আমাদের দীর্ঘদিনের কষ্ট এবার ঘুচবে। আগে অনেক পথ পাড়ি দিয়ে সার নিতে যেতে হতো। এখন বিরাশি বাজারে সার পাওয়া যাবে, যা লেহেম্বা ইউনিয়নের মধ্যবর্তী স্থান। এতে সময় ও বাড়তি খরচ দুটোই বাঁচবে।”
স্থানীয় সচেতন মহল ও কৃষি সংশ্লিষ্টদের মতে, বিরাশি বাজারে সার ডিলারশিপ চালু হওয়ায় লেহেম্বা ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ সহজ হবে। পাশাপাশি কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকদের ভোগান্তি কমবে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিয়ম অনুযায়ী, সার ডিলারশিপের জন্য ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গোডাউন থাকা বাধ্যতামূলক। তবে কৃষকদের চাহিদা ও নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স প্রায় ৬৭ মেট্রিক টন ধারণক্ষমতার গোডাউন প্রস্তুত রেখেছে। যা নির্ধারিত ন্যূনতম ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিথিলা সানজিদা সিমি বলেন, “এলাকার কৃষকদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এখন থেকে কৃষকরা সহজেই সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সব ধরনের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। সার সরবরাহ শতভাগ স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
আপনার মতামত লিখুন :