ঝুঁকি নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথার ওসিসহ টিম


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-২১, ৫:২৪ PM / ০
ঝুঁকি নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথার ওসিসহ টিম

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সরকারি ও পাবলিক অস্ত্র উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশের একটি দল। এ অভিযানে নেতৃত্ব দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ওসিসহ তাঁর নেতৃত্বাধীন পুরো দলকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। পরে তারা মুকসুদপুর থানার অস্ত্রাগারে সংরক্ষিত অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।

ঝুঁকিপূর্ণ পরিবেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় পুলিশের এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের দায়িত্বশীল ভূমিকা পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন।

এদিকে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সব কর্মকর্তা ও সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। একই সঙ্গে তাঁদের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

এ ঘটনায় ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য গর্বের।

জানা গেছে, ওসি মো. বাবলুর রহমান খান এর আগে যশোর ও ফরিদপুরে কর্মরত থাকাকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা এবং সাহসিকতার জন্য একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার পেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “পুরস্কার বা প্রশংসা পাওয়ার জন্য আমি কাজ করি না। আমি সব সময় আমার দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করি মাত্র। মাননীয় পুলিশ সুপার মহোদয়সহ সালথা থানা টিমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনকালে যারা সার্বিক সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”