

মো. মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রঞ্জু, ছাত্রলীগ নেতা আব্দুল রাজ্জাক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রেজওয়ানুল হক রঞ্জু ও আব্দুল রাজ্জাককে মাধবপুর স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আর বি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :