

মোঃ মাহাবুব আলম | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকায় স্ত্রীর প্রতি অভিমান করে আত্মহত্যা করেছেন এক ওষুধ কোম্পানির প্রতিনিধি। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ তরিকুল ইসলাম (৩৫) নামে ওই প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত তরিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার দত্তবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাণীশংকৈল উপজেলায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে পৌর এলাকার শান্তিপুর মহল্লায় শহীদুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তরিকুল আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি স্ত্রীর উদ্দেশে একটি হস্তলিখিত চিঠি রেখে যান, যেখানে তিনি নিজের মানসিক অস্থিরতা ও অভিমানের কথা উল্লেখ করেন। তবে চিঠিতে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই।
শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা বাইরে গেলে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
আপনার মতামত লিখুন :