অতিরিক্ত ভাড়া ভিডিও করায় সাংবাদিকের ফোন ছিনতাই


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৯, ৭:০৯ PM /
অতিরিক্ত ভাড়া ভিডিও করায় সাংবাদিকের ফোন ছিনতাই

 আতিকুর রহমান| রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়মের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে ঘাট কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘাট এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

ভুক্তভোগী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছিল। তিনি বলেন, টোকেনে লেখা ভাড়াই দিতে চাইলে ঘাট কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে এবং অতিরিক্ত টাকা না দিলে পারাপার বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক সোহেল রানা স্বপ্ন। অনিয়মের প্রমাণ সংগ্রহ করতে তিনি ভিডিও ধারণ শুরু করলে ইজারাদার পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে শফি আলম নামের এক টিকিট মাস্টার সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেয় এবং ভিডিও ধারণ বন্ধ করতে হুমকি দেয়।

ঘটনার সময় উপস্থিত যাত্রী নাঈম হোসেন জানান, যাত্রীদের চাপ বেশি থাকায় সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। সাংবাদিক ভিডিও ধারণ করলে তার ফোন কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে ইজারাদার নৌকা না ছাড়ার হুমকি দেয়।

পরবর্তীতে ধারণকৃত ভিডিওটি দৈনিক কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাপের মুখে সাংবাদিকের উপস্থিতিতেই যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা নিয়মিত যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই সিন্ডিকেট থেকে মুক্তি চান সাধারণ যাত্রীরা।