

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) একটি ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৩। পরে তাকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার রকিবুল খানের ছেলে। মামলার বাদী রবিউল ইসলামের দায়ের করা মামলার সূত্রে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
বুলবুলের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনার পর উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় তুষভান্ডার বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বুলবুলের মুক্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আশিক, উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল রানা, এফ এ দুলুসহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বুলবুলের এ গ্রেফতার সাজানো ও ষড়যন্ত্র বলে দাবি করে মুক্তি দাবি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট-ভুল্যারহাট সড়কের গুরুদয়াল চৌপথি এলাকায় রবিউল ইসলাম ও প্রধান সাক্ষী মিস্টার আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে তাদের একটি মুরগির খামারে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এ সময় নগদ অর্থ, একটি মোটরসাইকেল এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে মোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা হাতিয়ে নেওয়া হয়।
তবে স্থানীয়দের মতে মামলার বাদী ও প্রধান সাক্ষীদের বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা করার অভিযোগ রয়েছে। তাদের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই বুলবুলকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) অনুযায়ী, তার বিরুদ্ধে কালীগঞ্জ, হাতীবান্ধা ও সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, “মোমছেদুল খান বুলবুলকে র্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :