

মোঃ আতাউর রহমান, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। তিনি নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও অংশীজনরা।
পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত তিনটি প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণ করে উৎপাদিত বিভিন্ন রপ্তানিযোগ্য ফল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং উত্তম কৃষি চর্চার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :