মামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ধর্ষক, প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-২৩, ৮:২১ AM /
মামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আটক হয়নি ধর্ষক, প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মানববন্ধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায়  তার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কাকিনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে কাকিনা স্কুলের  শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত ইউসুফ আলীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার ফাঁসির  দাবি জানান।

এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কানারবাজার এলাকায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ইউসুফ আলী একই এলাকার আজমত আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী কাকিনা মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রোববার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত ইউসুফ আলীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং দ্রুত তাকে আটক করা হবে।