কালীগঞ্জে নতুন ইউএনও মো: সাইফুল ইসলাম


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-১৯, ৭:০২ AM /
কালীগঞ্জে নতুন ইউএনও মো: সাইফুল ইসলাম

কালীগঞ্জ প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন মো. সাইফুল ইসলাম। গত ১৭ জুন ২০২৬ তারিখে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, দিনাজপুর জেলার বাসিন্দা মো. সাইফুল ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা ও সুনাম অর্জন করেন।

সূত্র জানায়, ২০২৫ সালের ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট তাকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেখানে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শামীমা আক্তার জাহানকে গত ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

নতুন ইউএনওর যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে। উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।