
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই পক্ষই নিজেদের কমিটিকে বৈধ দাবি করায় শনিবার (১৩ জুন) শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন হস্তক্ষেপ করলে তা সাময়িকভাবে শান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমিতির ৯৯ জন সদস্যের মধ্যে প্রায় ৮০ জন মালিকের সমর্থনে তুষারকে সভাপতি ও বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্তকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ পক্ষের দাবি, তাদের কমিটিই নিয়মতান্ত্রিকভাবে গঠিত এবং বৈধ।
অপরদিকে আলহাজ দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিএনপি নেতা আলী হাসানকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ পক্ষও তাদের কমিটিকে বৈধ বলে দাবি করছে। তাদের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত দেলোয়ার-আলী হাসান কমিটিকে স্বাগত জানিয়ে শনিবার দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক ও শ্রমিকদের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবহন চালক, সহকারী, কাউন্টার প্রতিনিধি, সাধারণ মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা পূর্ববর্তী কমিটির সমালোচনা করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তারা দাবি করেন, পূর্ববর্তী কমিটির সময়ে পরিবহন খাতে নানা অনিয়ম ও সিন্ডিকেট ব্যবস্থা গড়ে উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে তুষার-মোস্ত কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেলোয়ার-আলী হাসান কমিটির কোনো বৈধতা নেই। তাদের অভিযোগ, ওই কমিটির কয়েকজন সদস্য পরিবহন মালিক নন এবং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সভাও অনুষ্ঠিত হয়নি। এছাড়া কমিটির সদস্য তালিকায় আবু বক্কর মোল্যা (মুহিদুল) নামে একজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় পরিবহন খাতে অস্থিরতা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদকের নাম 






