তানোরে যুব নেতৃত্ব গঠনে ফর্মার আরসিদের সমাবেশ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২০, ৮:৩৬ AM /
তানোরে যুব নেতৃত্ব গঠনে ফর্মার আরসিদের সমাবেশ

👤 সাওন মাহমুদ ,রাজশাহী প্রতিনিধি-

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের (এপি) উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়ন ও দুটি পৌরসভার শতাধিক প্রাক্তন রেজিস্টার্ড শিশু (ফর্মার আরসি) নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এসব তরুণ-তরুণী যুব নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্ডুমালা ক্যাথলিক চার্চের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা ক্যাথলিক চার্চের ফাদার বার্নাড টুডু। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি যুব ফোরামের সাধারণ সম্পাদক শ্রীকান্ত হেমরম।

সমাবেশে শিশু ও যুব নেতৃবৃন্দের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশ এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধারাবাহিকতায় উপজেলার প্রাক্তন রেজিস্টার্ড শিশুরা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একত্রিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তানোর এপির প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী, প্রোগ্রাম অফিসার স্বপন হালদার এবং স্পনসরশিপ অ্যান্ড সিস্টেম অফিসার সিসিলিয়া জুঁই কস্তাসহ অন্যান্য কর্মকর্তারা।

সমাবেশে তানোর ফর্মার আরসির নতুন কমিটি গঠনের পর সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সৈয়দ মাহামুদ শাওন। তিনি জানান, ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মাধ্যমে নেতৃবৃন্দের ডাটাবেজ তৈরি, যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত সাংগঠনিক সভার আয়োজন করা হবে।

সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সামাজিক উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং যুব নেতৃত্ব বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।