

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা মহিলা দলের কমিটি গঠন ও পদায়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল ও ‘পদ বাণিজ্যের’ অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দলের একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ত্যাগী ও সক্রিয় কর্মীদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের পদে বসানো হচ্ছে।
তবে জেলা মহিলা দলের নেত্রী নাছিমা আক্তার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “পদ বাণিজ্যের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে পদ নেওয়ার জন্য কোনো আর্থিক লেনদেন হয় না এবং হওয়ার সুযোগও নেই।”
নাছিমা আক্তার জন্নাতুল ফেরদৌসিকে পদ থেকে সরিয়ে দেওয়া বা সমন্বয় করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, “দলের উন্নয়নের স্বার্থে এবং গঠনতন্ত্র অনুযায়ী তাকে বর্তমান অবস্থানে আনা হয়েছে। ভবিষ্যতে তাকে আরও উচ্চপদে নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। ফেরদৌসি অত্যন্ত সহজ-সরল মানুষ। সম্ভবত প্রতিপক্ষের উসকানিতে ভুল বোঝাবুঝি হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, দলকে সুসংগঠিত করার জন্য গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি সাজানো হচ্ছে, যা কিছু মহলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
তৃণমূল পর্যায়ের নেতারা মনে করছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিতর্কের অবসান ঘটানো প্রয়োজন, অন্যথায় ভবিষ্যতের আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আপনার মতামত লিখুন :