

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে স্বামীর বোনের স্বামীর সঙ্গে এক গৃহবধূর অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের জেরে স্থানীয় সালিশি বৈঠকের মাধ্যমে ওই গৃহবধূর দাম্পত্য জীবনের অবসান ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মুরগি বাজার এলাকায় ঈশিতা আক্তার ইমা নামে এক গৃহবধূকে সাইফুল ইসলামের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করেন।
অভিযোগের মুখে থাকা ঈশিতা আক্তার ইমা তেলিহাটি ইউনিয়নের মুরগি বাজার এলাকার ইমান সরকারের মেয়ে। অপরদিকে সাইফুল ইসলাম শ্রীপুর পৌর এলাকার দোয়াতভিটা গ্রামের মাঈনুদ্দিনের ছেলে এবং ঈশিতার স্বামী খোকন মিয়ার আপন বোনের স্বামী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালে টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়ার সঙ্গে ঈশিতা আক্তার ইমার বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান এবং ৯ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
ঘটনার পর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মানিক, সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাজীর উপস্থিতিতে উভয় পরিবারের সম্মতিক্রমে ঈশিতা আক্তার ইমা ও খোকন মিয়ার মধ্যে ‘খোলা তালাক’-এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত দুইজনের সম্পর্ক নিয়ে এর আগেও এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :