

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটি।
বৃহস্পতিবার (১২ জুন) শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিপিবি নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস.এ. রশিদ, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান এবং জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শিমুলসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে একতরফাভাবে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের দাবি, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কৃষিজাত পণ্য, মাংস, মুরগি ও গুঁড়ো দুধসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে কম শুল্ক বা শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের সুযোগ পাবে, যা দেশের ডেইরি ও পোল্ট্রি খাতের জন্য ক্ষতিকর হতে পারে।
বক্তারা আরও দাবি করেন, চুক্তির বিভিন্ন শর্ত বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা, শুল্ক নির্ধারণের স্বাধীনতা এবং নীতিনির্ধারণী সার্বভৌমত্বকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, চুক্তির আওতায় বাংলাদেশকে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের বাধ্যবাধকতা সৃষ্টি হতে পারে।
তারা চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, একটি শ্বেতপত্র প্রকাশ এবং জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করা চুক্তিটি অবিলম্বে বাতিলের দাবি জানান। পাশাপাশি চুক্তি সম্পাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিতে সিপিবি জেলা কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :