নড়াইলে মাদরাসায় শিশু ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-০৭, ২:৪০ AM /
নড়াইলে মাদরাসায় শিশু ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার একটি হাফেজিয়া মাদরাসায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটির মা সন্তানের খোঁজ নিতে মাদরাসায় যান। এ সময় শিশুটি তার মাকে জানায়, আগের রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে যৌন নির্যাতন করেছেন।

পরে শিশুটির মা বিষয়টি মাদরাসার অন্য এক শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে ঘটনার বর্ণনা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে মাদরাসার আরও পাঁচ শিশু একই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে বলে জানা গেছে। অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর ২৮ আগস্ট মাদরাসা থেকে পালিয়ে যান মাহবুবুর রহমান।

মাদরাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে হেফজ বিভাগে ১৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন দুজন। অভিযোগ অনুযায়ী, ছয় শিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে।

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।