রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে এমপির পরিদর্শন, মিলল নানা অসঙ্গতি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১২, ২:৫৫ PM / ০ Views
রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে এমপির পরিদর্শন, মিলল নানা অসঙ্গতি

নবীন মাহমুদ:

ঝালকাঠির রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির চিত্র পেয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম. রফিকুল ইসলাম জামাল। পরিদর্শনকালে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ, আলট্রাসনোগ্রাম মেশিন চুরি এবং এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্স অচল অবস্থায় থাকার তথ্য উঠে আসে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অবস্থিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ও ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন তিনি। ব্যারিস্টার এম. রফিকুল ইসলাম জামাল ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল, ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা উপপরিচালক আলম হোসেন এবং স্থানীয় সাংবাদিকরা।

পরিদর্শনের সময় হাসপাতালের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ পাওয়া যায় বলে জানানো হয়। এ ছাড়া আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে এবং এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্স অচল অবস্থায় পড়ে রয়েছে বলে পরিদর্শনে উঠে আসে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, হাসপাতালের রেজিস্টার খাতায় ১৯৩ জন রোগীকে সেবা দেওয়ার তথ্য উল্লেখ রয়েছে। তবে কোন রোগের কী চিকিৎসা দেওয়া হয়েছে, তার কোনো প্রমাণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। সরেজমিনে পরিদর্শনের সময় কোনো রোগীকেও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসক ও কর্মচারীরা এখানেই রয়েছেন, তাঁদের অন্যত্র বদলি করা হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ থাকা, চিকিৎসা-সংক্রান্ত নথিপত্রের অসংগতি এবং চিকিৎসা সরঞ্জাম অচল থাকার বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষা রয়েছে।