বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৩, ৪:১৮ PM / ০
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মনসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।