কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-১৩, ৪:৫৫ PM / ০ Views
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতামূলক মহড়া

লালমনিরহাট প্রতিনিধি-

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলায় একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম ও নিরাপত্তাবিষয়ক করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।