

মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।
রবিবার (৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠান চত্বরে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে অধ্যক্ষ শাহীন আখতার পদত্যাগে বাধ্য হন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সনদ প্রদান, ট্রেনিং উপকরণ বিতরণ এবং কাঁচামাল কেনাকাটায় রয়েছে ব্যাপক অনিয়ম। সিবিএলএম ট্রেইনি বাবদ প্রতিজনের জন্য ১৮০০ টাকা বরাদ্দ থাকলেও নিম্নমানের খাতা, কলম, ব্যাগ ও টি-শার্ট সরবরাহ করা হয়েছে।
প্রশিক্ষণার্থী রিনা বলেন, “পাঁচটি ট্রেডে ট্রেনিং করলেও কাঁচামাল দেয়া হয়নি। পুরনো কাঁচামাল দিয়ে কাজ করায় অনেকের হাত পুড়ে ও কেটে গেছে।”
সানজিদা সাথী বলেন, “দুই মাস পর দেয়া হয়েছে নিম্নমানের উপকরণ। এজন্যই আমরা সড়ক অবরোধ করেছি।”
আসাদ নামে এক শিক্ষার্থী বলেন, “আমাদের একটাই দাবি—প্রিন্সিপালের পদত্যাগ।”
এ বিষয়ে অধ্যক্ষ শাহীন আখতার বলেন, “শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে আমি বসতে চেয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। তাই দাবির প্রেক্ষিতে আমি পদত্যাগ করলাম।”
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, “অধ্যক্ষের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয়া আমাদের এখতিয়ারে নেই। জোরপূর্বক পদত্যাগ করানো হলে এটি অফিসিয়ালি পদত্যাগ হিসেবে গণ্য হয় না।”
আপনার মতামত লিখুন :