নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের তামার তার উদ্ধার, আটক দুই


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-২০, ১০:০২ AM /
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের তামার তার উদ্ধার, আটক দুই

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে অভিযান চালিয়ে রেলওয়ে প্রকল্প ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারটি ধারালো রামদা ও তার কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সাংবাদিকদের এসব তথ্য জানায়। উদ্ধার করা চোরাই তারসহ মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি ও ৩৩ কেভি তামার তার একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দেয়।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে জেলা ডিবি পুলিশ। বিকেলে অভিযান শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের মূল্যবান তামার ৯০ কেজি তার এবং সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার উদ্ধার করা হয়।

এ ছাড়া তামার তারের কালো কাভারের পোড়া ও আধাপোড়া অংশ, তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের তার সংযোগ দেওয়ার কাজে ব্যবহারের জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করা হয়।

অন্যদিকে, চোরাইকৃত আরও তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা খাটের নিচ থেকে বড় আকারের চারটি ধারালো রামদা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।