

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে সেনা টহল দল মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৬) ও দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (ছোটুন) (২৭)-কে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিল। অভিযানের সময় ট্রাকচালকের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে ধরা পড়ে। পরে সেনারা তাদের থানায় সোপর্দ করে।
স্থানীয়রা জানান, পৌরসভার নামে লোড-আনলোড ও ট্রাক-ট্যাংকলড়ির চাঁদা আদায় বন্ধ হওয়ার পরও তারা জোরপূর্বক অর্থ আদায় চালিয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানিয়েছেন, চাঁদাবাজির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
ট্রাক-ট্যাংকলড়ি মালিক সমিতির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, “আটক দু’জন পৌরসভার লোড-আনলোড ও আমাদের সংগঠনের নামে চাঁদা আদায় করছিল, যা বন্ধ রয়েছে। আমাদের সংগঠন এ ঘটনার দায়ভার নেবে না।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে এবং শনিবার তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :