তিস্তার পানি কমলেও দুর্ভোগে প্লাবিত জনপদ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৫, ৯:৩৬ AM / ৩৩
তিস্তার পানি কমলেও দুর্ভোগে প্লাবিত জনপদ

কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। সোমবার (৪ আগস্ট) সকাল ৬টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। এর আগের দিন একই সময়ে পানি ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে হঠাৎ পানি বৃদ্ধি পায় এবং জেলার পাটগ্রাম, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নৌকা ও ভেলাই এখন একমাত্র ভরসা।

প্লাবিত এলাকার বাসিন্দারা জানান, গরু-ছাগলসহ গৃহপালিত পশু রক্ষা ও রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে, শিশুদের স্কুল যাওয়া বন্ধ রয়েছে। তারা অভিযোগ করেছেন, এখনো কোনো জনপ্রতিনিধি বা সরকারি সহায়তা তাদের কাছে পৌঁছায়নি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, বর্তমানে পানি বিপৎসীমার নিচে রয়েছে, তবে নিম্নাঞ্চলে সতর্কতা জারি আছে এবং এই পরিস্থিতি আরও দুই-তিন দিন স্থায়ী হতে পারে।