

আরিফুল ইসলাম | সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে শেখ আকরামুজ্জামানের বাড়ির দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে ১ ভরি স্বর্ণের দুইটি বালা ও দুইটি জমির দলিল নিয়ে যায়।
খবর পেয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান জানান, পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন এবং সময়-সুবিধা অনুযায়ী বাড়িতে আসেন। ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ভোরে দেবরের ফোনে চুরির খবর পেয়ে এসে দেখেন আলমারি ভাঙা এবং স্বর্ণ ও দলিল উধাও।
অন্যদিকে, আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম জানান, রাত ১০টার দিকে ঘুমানোর পর রাত ৩টার দিকে ঘুম ভাঙলে তারা দেখতে পান তাদের ঘরের বাইরে তালা লাগানো। চিৎকারে প্রতিবেশীরা এসে তালা খুলে দেন। এরপর দেখা যায় পাশের ঘরের তালা ভাঙা এবং চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :