কুড়িগ্রামে গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-১৫, ৯:৩৭ PM / ২৩
কুড়িগ্রামে গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের কিশোরী ও তরুণীদের স্বপ্ন দেখা, আত্মবিশ্বাস অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘গার্লস ড্রিম ফেয়ার–২০২৫’।

‘স্বপ্ন দেখো, পথ তৈরি করো’—এই স্লোগানকে সামনে রেখে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে রোববার ও সোমবার (১৪ ও ১৫ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। কুড়িগ্রাম শহরের আরডিআরএস চত্বরে আয়োজিত এ মেলায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার প্রায় ৯৬ জন কিশোরী ও তরুণী অংশগ্রহণ করেন।

মেলায় কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল। প্রত্যন্ত এলাকার কিশোরীরা তাদের স্বপ্ন, সংগ্রাম ও বাল্যবিবাহের ঝুঁকি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল হওয়ার গল্প শোনান তারা।

বক্তারা জানান, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের মাধ্যমে ২০২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিতে থাকা কিশোরীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা। উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব ব্রডকাস্টিং নায়লা পারভীন পিয়া, জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, এমজেএসকেএস-এর ডেপুটি ডিরেক্টর মইনুল হক এবং সিএনবি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানসহ অন্যান্য অতিথিরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শরিফা খাতুন। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রধান ড. শারমিন আক্তার, টেকনিক্যাল অফিসার আব্দুল মোমিন, প্রকল্প সমন্বয়কারী অলিক রাংসা ও মাহমুদুল হাসান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সকল অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ লিড টেকনিক্যাল স্পেশালিস্ট শারমিন মমতাজ।