

আশিকুর রহমান সবুজ | গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তালিকা ঘোষণা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই-বাছাই শেষে এই আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস. এম. রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলমগীর হোসাইন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ এহসানুল হক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. কৌশিক আহাম্মেদ।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত তথ্য ও নথিপত্র যাচাই করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীদের নাম প্রকাশের পর থেকেই গাজীপুর-৩ আসনে ভোটার ও রাজনৈতিক কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
আপনার মতামত লিখুন :