

মো. রতন মিয়া | পীরগঞ্জ (রংপুর)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটকে কেন্দ্র করে ‘না’ ভোটের পক্ষে যত প্রচারণাই চালানো হোক না কেন, শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষেই অবস্থান নেয়। তিনি বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের পক্ষে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পক্ষেই ঐক্যবদ্ধ।
রোববার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত এক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
আখতার হোসেন আরও বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই দেশের মাটিতেই সব হত্যাকারীর বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমীন, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সদস্য রাকিব রানা মাসুদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকেন।
আপনার মতামত লিখুন :