

উত্তরের সম্ভাবনাময় একটি জনপদ লালমনিরহাট। কৃষি, যোগাযোগ, প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে জেলাটির রয়েছে অপার সম্ভাবনা। অথচ দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি উল্লেখযোগ্য শিল্পকারখানা। কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় হাজারো তরুণকে জীবিকার সন্ধানে ছুটতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কেউ যাচ্ছেন রাজধানীতে, কেউ পাড়ি জমাচ্ছেন অন্য জেলায়, আবার কেউ বাধ্য হচ্ছেন বিদেশে যেতে। প্রশ্ন উঠছে, এত সম্ভাবনা থাকার পরও শিল্পায়নের দৌড়ে লালমনিরহাট কেন পিছিয়ে?
একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো শিল্পায়ন। শিল্পকারখানা গড়ে উঠলে কর্মসংস্থান সৃষ্টি হয়, স্থানীয় অর্থনীতিতে গতি আসে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। কিন্তু লালমনিরহাটে সেই সম্ভাবনার বাস্তব প্রতিফলন খুব একটা দৃশ্যমান নয়। কৃষিনির্ভর অর্থনীতি ও সীমিত ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভর করেই এগোতে হচ্ছে জেলার মানুষকে।
লালমনিরহাটের কৃষি খাতেও রয়েছে বিপুল সম্ভাবনা। ধান, ভুট্টা, তামাক, আলু, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হলেও সেগুলোর প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের জন্য পর্যাপ্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কৃষিভিত্তিক শিল্প, হিমাগার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা ও কৃষিপণ্য সংরক্ষণাগার প্রতিষ্ঠা করা গেলে একদিকে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হতে পারে, অন্যদিকে তৈরি হতে পারে বিপুল কর্মসংস্থান।
জেলার ভৌগোলিক অবস্থানও শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। ভারতের সীমান্তঘেঁষা অবস্থান, বুড়িমারী স্থলবন্দর এবং রেল ও সড়ক যোগাযোগকে কাজে লাগিয়ে বাণিজ্য, পরিবহন, গুদামজাতকরণ ও রপ্তানিমুখী শিল্পের বিকাশ সম্ভব। কিন্তু এসব সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দিতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং কার্যকর সরকারি উদ্যোগ।
তাহলে এই পিছিয়ে থাকার দায় কার? শুধু সরকারকে দায়ী করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? নাকি জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট সবারই এখানে দায়িত্ব রয়েছে?
দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক চারলেনে উন্নীতকরন সহ জেলার উন্নয়ন ও শিল্পায়নের প্রতিশ্রুতি শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নির্বাচনের সময় কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক উন্নয়নের কথা গুরুত্ব পেলেও বাস্তবায়নের ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
শিল্পায়নের জন্য প্রয়োজন পরিকল্পিত শিল্পাঞ্চল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস বা বিকল্প জ্বালানি সুবিধা, উন্নত সড়ক যোগাযোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ, সহজ ঋণসুবিধা এবং দক্ষ জনশক্তি তৈরি। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষিভিত্তিক ও ক্ষুদ্র-মাঝারি শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।
সবচেয়ে বড় বিষয় হলো, লালমনিরহাটের তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিজেদের জেলাতেই তৈরি করতে হবে। শিক্ষিত ও দক্ষ তরুণরা যেন কাজের সন্ধানে পরিবার ছেড়ে দূর-দূরান্তে যেতে বাধ্য না হন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একটি জেলার উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছায়।
আমরা মনে করি, লালমনিরহাটের শিল্পায়ন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; এটি জেলার মানুষের ন্যায্য অধিকার ও সময়ের প্রয়োজন। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক উদ্যোগ এবং সম্মিলিত সামাজিক চাপ। জেলার উন্নয়নের প্রশ্নে দল-মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে।
লালমনিরহাটকে আর অবহেলার জনপদ হিসেবে দেখতে চায় না এ জেলার মানুষ। তারা চায় কর্মসংস্থান, বিনিয়োগ, শিল্পকারখানা এবং অর্থনৈতিক মুক্তি।
এখনই সময় সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রশ্ন—শিল্পহীন লালমনিরহাটের এই দীর্ঘ বঞ্চনার অবসান কবে হবে? আর কত দিন কর্মসংস্থানের অভাবে তরুণদের অন্য জেলার পথে পা বাড়াতে হবে?
লালমনিরহাটের উন্নয়ন আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকুক, তা আমরা চাই না। আমরা চাই পরিকল্পনার বাস্তবায়ন, শিল্পায়নের অগ্রগতি এবং মানুষের অর্থনৈতিক মুক্তি। আমরা মনে করে, লালমনিরহাটের শিল্পায়ন এখন আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি বর্তমান সময়ের অপরিহার্য দাবি।
নুর আলমগীর অনু, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী, প্রকাশক ওসম্পাদক ।Daily Mukti.
আপনার মতামত লিখুন :