

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্ল্যান-ডিজাইন সিন্ডিকেট পরিচালনার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বাসা-বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, অযৌক্তিক বিলম্ব এবং প্রভাব খাটিয়ে আসছেন। এর ফলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া, বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত হয়রানি এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে প্ল্যান ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগও তোলা হয় মানববন্ধন থেকে।
তবে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, “তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :