

নজরুল ইসলাম তোফা | রাজশাহী প্রতিনিধি
কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নীরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের হৃদয়বিদারক বাস্তবতা।
রাজশাহীর বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে লালন দীর্ঘদিন ধরে বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে একটি জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এতদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও অসুস্থতার কারণে বর্তমানে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
ফুড ফর অল-এর উদ্যোগে গত কোরবানির ঈদে প্রায় ২০০ পরিবারের মধ্যে কাঁচা মাংস বিতরণ করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের দুর্বিষহ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সদস্য রতন বলেন, “ঈদের পরদিন লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের বাস্তব অবস্থা দেখে আমরা মর্মাহত হই। আমাদের একদিনের রান্না কর্মসূচির জন্য বরাদ্দকৃত পুরো মাংসই আমরা তাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করি।”
তিনি আরও জানান, লালনের চিকিৎসার জন্য নিয়মিত রক্ত পরিবর্তনসহ বিভিন্ন চিকিৎসা প্রয়োজন হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
লালন জানান, তার চিকিৎসার জন্য আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। অর্থসংকটের কারণে চিকিৎসা চালিয়ে যেতে না পেরে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করছেন।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমি বাঁচতে চাই। সমাজের সামর্থ্যবান মানুষরা পাশে দাঁড়ালে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
ফুড ফর অল-এর প্রধান কর্ণধার, বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক শিমুল সরকার বলেন, লালনের পরিবারের মানবিক সংকটের বিষয়টি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে, যাতে সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে সহযোগিতা করতে পারেন।
সংগঠনটির পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত লালনের চিকিৎসা সহায়তায় এবং তার পরিবারের এই দুর্দিনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :