

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর)-
ফরিদপুরের সালথায় একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে শামা ওবায়েদ ইসলামের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা সদর বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি বিশ্বব্যাংকের বাস্তবায়নে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ এবং ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি, এটা সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য যে বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারেনি।”
উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোনো দাঙ্গা-হাঙ্গামায় জড়াবেন না।”
অনুষ্ঠানে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদসহ অনেকে।
আপনার মতামত লিখুন :