মৌতলায় ২০ শয্যার হাসপাতালের দাবিতে মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-১৫, ১:৩০ AM / ০ Views
মৌতলায় ২০ শয্যার হাসপাতালের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মৌতলা ইউনিয়নে প্রায় অর্ধলাখ মানুষের বসবাস। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এ ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত ও জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। পাশাপাশি পার্শ্ববর্তী কৃষ্ণনগর, ভুরুলিয়া ও কুশুলিয়া ইউনিয়নের দেড় লাখের বেশি মানুষও চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা সদরের ওপর নির্ভরশীল।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনা, আকস্মিক অসুস্থতা কিংবা প্রসবজনিত জরুরি পরিস্থিতিতে সংকটাপন্ন রোগীদের প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলা সদরে নিতে হয়। এতে সময়ক্ষেপণ, যানবাহনের সংকট ও অতিরিক্ত ব্যয়ের কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মৌতলায় একটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। পাশাপাশি বিদ্যমান ভবনটিও দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, মৌতলায় ২০ শয্যার হাসপাতাল স্থাপন করা হলে শুধু ইউনিয়নবাসী নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষও দ্রুত চিকিৎসাসেবা পাবেন। এতে উপজেলা সদরের ওপর চিকিৎসাসেবার চাপও কমবে।
মানববন্ধন থেকে দ্রুত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব কাজী সোহেল, ইউপি সদস্য শেখ ফয়সাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সুধীজন ও সচেতন নাগরিকরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।