

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
হাসপাতালের চেয়ারম্যান ডা. শরীফ আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক নেতা হেলাল উদ্দিন প্রমানিক এবং মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালক ডা. শরীফ আহামেদ বলেন, আধুনিক সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানদের সমন্বয়ে বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালিত হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে।
তিনি আরও বলেন, মা ও শিশুদের জন্য উন্নত, নিরাপদ ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, “ডা. শরীফ আহামেদের এ উদ্যোগকে স্বাগত জানাই। তিনি চাইলে অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতেন। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক একটি হাসপাতালের খুবই প্রয়োজন ছিল। এই হাসপাতালের কারণে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি হাসপাতালটির সাফল্য কামনা করেন এবং এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :